মানস সরোবরের পথে নেপালে নিখোঁজ বাঙালি পুণ্যার্থী!
৩০ জনের দলে থেকেও কীভাবে উধাও সুস্মিতা ভট্টাচার্য? চরম উৎকণ্ঠায় পরিবার
গত ২১শে আগস্ট 'কলকাতা সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স'-এর মাধ্যমে নেপালে তীর্থযাত্রায় গিয়েছিলেন সুস্মিতা ভট্টাচার্য। জানা গিয়েছে, মোট ৩০ জনের একটি পর্যটক দলের সাথে তিনি এই তীর্থযাত্রায় অংশ নেন। প্রথমদিকে সবকিছু ঠিকঠাকই ছিল।
পরিকল্পনা মাফিক কাঠমান্ডু পৌঁছে পশুপতিনাথ মন্দির দর্শনও সেরেছিলেন তাঁরা। কিন্তু বিপত্তি ঘটে ঠিক এর পরেই। পশুপতিনাথ দর্শন সেরে মানস সরোবরের পথে কেরুম এলাকায় পৌঁছানোর পর থেকেই তাঁর আর কোনো খোঁজ মিলছে না।
এত বড় একটি দলের সাথে থেকেও একজন তীর্থযাত্রী কীভাবে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। 'ছায়ানীড়' আবাসনের দরজায় ঝুলছে তালা, আর প্রিয়জনের অপেক্ষায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ভট্টাচার্য পরিবার। ট্রাভেল এজেন্সির ভূমিকা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সুস্মিতা দেবীর সন্ধান চাইছেন পরিবারের সদস্যরা।
প্রকাশের তারিখ ও সময়: ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৩:৪৫
প্রকাশক
রাহিন আলম
Network বাংলা
